বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর ব্রিজের পূর্বপার্শ্ব থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সেফায়েতপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আনছারুল ইসলাম (৩৫) ও কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামের জামাল হোসেনের ছেলে মনির হোসেন (২০)। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার ঢাকইর ব্রিজের পূর্বপাশে চাকলমাগামী পাকা রাস্তায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন খবরের ভিত্তিতে এ বিষয়টি জানতে পেরে থানার এসআই নুর আলম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির আলামত উদ্ধার করে পুলিশ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।